সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

সাভারে বিরুলিয়ায় রহিম আফরোজ ব্যাটারি কারখানায় ফায়ার স্টিম বুশার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ইউনিয়নের খাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের নাম অলি উল্লাহ (৪৯) ও ফয়জুদ্দিন (৪৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

পুলিশ জানায়, রাজধানীর মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড কারখানার মালামাল নিয়ে মঙ্গলবার দুপুরে একটি গাড়ি সাভারের খাগান এলাকার রহিম আফরোজ ব্যাটারি কারখানায় পৌঁছায়। পরে ওই গাড়ি থেকে কারখানায় মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার এক্সটিংগুইসার (অগ্নি নির্বাপক যন্ত্র) বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়। খবর পেয়ে বিকেলে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত