ফেনী সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি করার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। গত সোমবার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুচলেকা নিয়ে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটকরা হলেন, এনামুল হক বাবু, আবদুল্লাহ আল ওহি, জিহাদ হাসান প্রান্ত, শাহরিয়ার ইসলাম আলভি ও শাহাদাত হোসেন। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলী মনছুর সুমন বলেন, ‘দক্ষিণ চাঁদপুর এলাকার মমিন ভূঞা আমাদের সমাজের সভাপতি। তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের কথা বলে সমন্বয়ক পরিচয়ে এখানে এসে কয়েকজন চাঁদাবাজির চেষ্টা করেছে। শুরুতে পরিবারের সদস্যরা দরজা খুলতে না চাইলেও তারা সেনাবাহিনীর লোকজন নিয়ে এসেছেন বলে দরজা খুলতে বাধ্য করেন।’
ফেনী মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
