হাতকড়াসহ পালাল ধর্ষণ মামলার আসামি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ এএম

কুড়িগ্রামের রৌমারীতে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে গেছে ধর্ষণ মামলার আসামি। পরে অভিযান চালিয়ে হাতকড়া উদ্ধার করা হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর চরের গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর আসামি ও তার পরিবারের লোকজন রৌমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেনের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হাতকড়াসহ পালানো আসামির নাম শাহনেওয়াজ আবির রাজু (৩০)। তার বাড়ি যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে রাজু পরিবারসহ নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরের গ্রামে সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়।

রাজুকে গ্রেপ্তার করতে সোমবার রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। এ সময় তল্লাশি চালিয়ে কয়েকটি ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। তখন রাজু, তার মা এবং খালাতো বোন পুলিশের ওপর হামলা চালান। তারা এসআই আউয়ালের হাতে কামড় দেয় এবং অ-কোষে আঘাত করেন। এ সময় হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে। এই হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া এবং খালাতো বোন রুনা আক্তারকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও রামদা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, ‘সোমবার রাতে পুলিশের অভিযান হয়েছে। এ সময় পুলিশকে আঘাত করে আসামি রাজু হাতকড়াসহ পালিয়েছে।’

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায় ধর্ষণ মামলার আসামি। পরে হাতকড়া উদ্ধার হলেও আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত