ত্রিশালে রাস্তা কেটে ফেলার অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাতের অন্ধকারে বেকু মেশিন দিয়ে রাস্তার পাশের জমি  খনন করা হয়েছে। এছাড়াও রাস্তার বেশ কিছু অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে সড়কটি গর্তে বিলীন যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা তালুকদার বাড়ি হয়ে মঠবাড়ি ইউনিয়নের খাগাটির সাথে সংযোগ রয়েছে সড়কটির । মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণে অবস্থিত খাগাটি গ্রামের ছাত্র, জনতা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খাগাটি এলাকার মফিজ মুন্সী বলেন, ‘এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করে থাকি। রাস্তার পাশে যেভাবে মাটি খনন করা হচ্ছে বর্ষাকালে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ 

স্থানীয় মুস্তাফিজ বলেন, ‘এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে।  রাস্তার পাশে গভীর গর্ত করার কারণে যেকোনো মুহূর্তে রাস্তা ভেঙ্গে যেতে পারে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানাই।’ 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত