তারেক রহমান বললেন

স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:১২ এএম

স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গত ১৭ বছর বাংলাদেশে কংসের মতো এক নৃশংস স্বৈরাচার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দলমত, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী বীর জনতার গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট সেই স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়।’

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে ‘জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচারের দোসররা প্রতিনিয়ত নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা, জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার যতদিন পর্যন্ত গঠিত হবে না ততদিন গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।’

সনাতনীদের যাতে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে একটি গোষ্ঠী। এই সত্যি কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি।’

তারেক রহমান আরও বলেন, ‘রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে না। তাই আমাদের সবারই জেনে রাখা প্রয়োজন রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয়ে আবদ্ধ থাকা কারও জন্য জরুরি নয়।’

জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত