এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না : টুকু

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৪৫ এএম

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। তাই বিএনপির বিরুদ্ধে গভীর যড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না। বিএনপি ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক।’ গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা। যারা বিএনপির নেতাকর্মী, ছাত্র ও আলেমদের হত্যা করেছে তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না। স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টু এই এলাকার লোকজনদের আমার হাতে রেখে স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় জেলে গিয়েছিলেন। এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দায়িত্ব বড় ভাইয়ের হাতে তুলে দিলাম।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, সদস্য ওবায়দুল হক নাছির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত