প্রশাসন ক্যাডার কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। গতকাল রবিবার এ কর্মসূচি পালন করা হয়। এতে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয় সংশ্লিষ্ট দপ্তরে।
অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালোব্যাজ পরে ব্যানারসহ অবস্থান নেন। সাড়ে ১১টার দিকে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাডারদের অবস্থান নিতে দেখা যায়। তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসে কর্মরত ক্যাডার কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য কর্মবিরতির বাইরে ছিলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এক জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেন, ক্যাডার বৈষম্য নিরসন, সব ক্যাডারের সমতা ও ক্যাডার যার মন্ত্রণালয় তার এই তিন দাবিতে আমরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, তখন আমাদের অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, যার প্রতিবাদে আজ (গতকাল) আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। এটা কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন।
সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের’ দাবি, বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসনের ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে।
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সব ক্যাডারের সমতা বিধানের দাবি জানিয়ে আসছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
