লালমনিরহাটে নারী মুন্সীগঞ্জে চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:০২ এএম

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার বামনটারীর একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের খবরে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয় ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মাথা খুঁজে পাওয়া যায়নি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং একটি হত্যা মামলা করা হবে।’

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় ছমিরন বেগম (৮৬) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছমিরন বেগম ওই গ্রামের জলিল মোল্লার স্ত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় বসতঘরের মধ্যে থাকা ছমিরন বেগম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গার বানাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তারের (২৪) রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফছা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল গ্রামের মোখলেছ মিয়ার মেয়ে।

নিহত হাফছা আক্তারের বাবা মোখলেছ মিয়া বলেন, ‘বছর তিনেক আগে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজের সঙ্গে আমার মেয়ে হাফছা আক্তারের বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যায়। তখন থেকেই টাকা-পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করত। বিষয়টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়াকে অবগত করেও কোনো সমাধান হয়নি। গত মঙ্গলবার তারাবি নামাজের সময় বাছির মেম্বার আমাকে ফোন করে বলেন আমার মেয়ে নাকি ঘুমের ওষুধ খেয়েছে। এ খবর পেয়ে আমি গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় পাই। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে তার শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতে নিখোঁজ হওয়ার পর গতকাল বুধবার সকালে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবু তাহের (৪০)। সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, আগের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। একপর্যায়ে সাহরির পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর গ্রামের কাঁঁচা রাস্তার ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। নিহতের বোন দাবি করেন, তার ভাই নেশা করত। রাতে যাদের সঙ্গে বসে নেশা করেছে, তারাই তার ভাইকে হত্যা করে লাশ ফেলে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত