আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। বেগুনি রঙের শাড়ি বা পোশাক পরে নারী এই দিনটি উদযাপন করে। যদিও আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুযায়ী, বেগুনি, সবুজ এবং সাদা হলো নারী দিবসের রঙ।
১৯১১ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিবসকে কেন্দ্র করে উৎসর্গ করা হয়েছে বেগুনি রঙকে। বিংশ শতকের শুরুতে বেগুনির সঙ্গে সাদা ও সবুজ রঙ ব্যবহার করতেন নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পথে নামা ব্রিটেনের নারীরা। তারা বলতেন, বেগুনি আভিজাত্যের প্রতীক। সাদা শুদ্ধতার এবং সবুজ আশার প্রতীক।
কারণ বেগুনি রঙ দিয়ে ন্যায়বিচার এবং মর্যাদাকে বোঝায়, সবুজ হচ্ছে আশার প্রতীক আর সাদা বিশুদ্ধতার রঙ। ১৯০৮ সালে যুক্তরাজ্যের উইমেনস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন (ডব্লিউএসপিইউ) এই রঙগুলোকেই নির্দিষ্ট করে দেয়। নারী দিবস উদযাপনে নারীরা এই তিনটি রঙকেই বেছে নিতে পারেন। এই দিনটিতে বেগুনি, সবুজ কিংবা সাদা রঙের পোশাক পরে উদযাপন করতে পারেন। তবে বিশ্ব জুড়ে বেশি প্রাধান্য পায় বেগুনি রঙটি। এ ছাড়া ২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে স্থান করে নিয়েছে বেগুনি। এ বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন বেগুনি রঙকে নারী দিবসের রঙ হিসেবে ঘোষণা দেয়। বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। আর নারীরা হবে ঠিক অতিবেগুনি রশ্মির মতো শক্তিশালী।
সূর্যের অতিবেগুনি রশ্মি ও এর শক্তিকেই নারী দিবসের বেগুনি রঙে প্রকাশ করা হয়। ২০১৮ সালে থিম কালার হিসেবে বেগুনি ঠাঁই পায় নারী দিবসে। নানা পণ্যে ব্যবহৃত রঙ নিয়ে কাজ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বেগুনিকে বছরের সেরা রঙ হিসেবে ঘোষণা দেয়। এ ছাড়াও আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লেখেন, নাম ‘দ্য কালার পার্পেল।’ বইটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বইটি লিখে অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কার পান। এভাবেই বেগুনি জড়িয়ে পড়ে নারীর সামনে এগিয়ে যাওয়ার পথে।
পোশাক কেবল শরীর ঢাকার উপকরণ নয়; এটি ব্যক্তিত্ব, সংস্কৃতি স্বাধীনতা ও আত্মপ্রকাশের প্রতিচিত্র
পোশাক কেবল শরীর ঢাকার উপকরণ নয়; এটি ব্যক্তিত্ব, সংস্কৃতি, স্বাধীনতা ও আত্মপ্রকাশের প্রতিচিত্র। একজন ফ্যাশন ডিজাইনার ও নারী হিসেবে আমি বিশ্বাস করি, পোশাক নির্বাচনের স্বাধীনতা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, বিশেষত নারীদের জন্য, যাদের পোশাক প্রায়ই সমাজের নানা বিধিনিষেধের মুখোমুখি হয়।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে নারীদের পোশাক নিয়ে নানা রকম সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিধিনিষেধ লক্ষ্য করা যায়। কোথাও হিজাব বাধ্যতামূলক, আবার কোথাও তা নিষিদ্ধ; কোথাও ছোট পোশাককে ‘অশোভন’ বলা হয়, আবার কোথাও সেটাই ‘স্টাইল স্টেটমেন্ট’। অথচ একজন নারী কী পরবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত। সমাজের দায়িত্ব হলো সেই স্বাধীনতাকে সম্মান করা, নিয়ন্ত্রণ করা নয়।
একজন ডিজাইনার হিসেবে আমি দেখেছি, ফ্যাশন কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং সামাজিক বার্তাও বহন করে। পোশাকের মাধ্যমে নারীরা নিজেদের স্বতন্ত্রতা, শক্তি ও স্বাধীনতাকে প্রকাশ করেন। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গায় এখনো নারীদের পোশাকের ওপর অন্যরা সিদ্ধান্ত নেয়। কখনো বলা হয়, ‘অত্যধিক খোলামেলা’, আবার কখনো বলা হয়, ‘অত্যধিক রক্ষণশীল’ এই দ্বৈত মানসিকতা থেকেই বোঝা যায়, আসল সমস্যাটি পোশাক নয়, বরং নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি।
আজকের নারীরা শুধু ঘরে সীমাবদ্ধ নন; তারা কর্মক্ষেত্রে, খেলাধুলায়, রাজনীতিতে, ব্যবসায়, এমনকি ডিজাইনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পোশাকও তাদের জীবনের এই বৈচিত্র্য ও গতিশীলতাকে প্রকাশ করে। তাই ফ্যাশন জগতে কাজ করা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আমি মনে করি, আমাদের প্রয়োজন এমন এক সমাজ, যেখানে পোশাক হবে আত্মপ্রকাশের একটি স্বাধীন মাধ্যম, নিয়ন্ত্রণের নয়।
পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনের দিকে এগিয়ে যাওয়া, যাতে নারীরা স্বাধীনভাবে স্টাইল বেছে নিতে পারেন। ডিজাইনার হিসেবে প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইন ব্যবহার করে এমন পোশাক তৈরি করা উচিত, যা নারীদের আরামদায়ক ও আত্মবিশ্বাসী করে তোলে। নারী দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার নারীর পোশাক নিয়ে মতামত দেওয়ার আগে, তার পছন্দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। পোশাক স্বাধীনতা মানেই নারীর সম্মান, আত্মবিশ্বাস ও স্বাধীনতা নিশ্চিত করা।
নারীর পোশাক শুধু সৌন্দর্যের নয় আরামেরও প্রতীক হওয়া উচিত
একজন মানুষের ব্যক্তিত্ব ও রুচিবোধ অনেকাংশে ফুটে ওঠে তার পোশাকের মাধ্যমে। পোশাক এমন হওয়া উচিত, যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য, আমাদের সংস্কৃতিকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করে এবং একই সঙ্গে পরিধানকারীকে স্নিগ্ধ ও মার্জিতভাবে তুলে ধরে। যেহেতু আমি একজন ফ্যাশন মডেল, তাই নানা ব্র্যান্ডের জন্য বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। তবে আমি সবসময় চেষ্টা করি এমন পোশাক পরিধান করতে, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমার নিজস্ব স্টাইল ও রুচি বজায় রাখে। নিজেকে কখনো এমন কোনো পোশাকে উপস্থাপন করতে চাই না, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। আমি আমার নিজস্ব সীমারেখার মধ্যে থেকেই ফ্যাশনকে উপভোগ করি এবং সেটিই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। আমি সবসময় চেষ্টা করি এমন পোশাক পরতে, যা আমাদের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে খাপ খায়। আধুনিকতার ছোঁয়া থাকলেও পোশাকের মধ্যে যেন একটা শালীনতা বজায় থাকে, সেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পোশাকের স্বাধীনতা সবারই আছে এবং প্রত্যেকেরই নিজস্ব পছন্দকে সম্মান করা উচিত। তবে সেই স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন তা আমাদের সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
ফ্যাশন মানেই অন্ধ অনুকরণ নয়, বরং নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও সঠিক পরিবেশ অনুযায়ী পোশাক নির্বাচন করাটাই প্রকৃত রুচির পরিচয়। আরামের বিষয়টিও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দিনের শেষে পোশাক শুধু সৌন্দর্যের নয়, আরামেরও প্রতীক হওয়া উচিত।
মানুষের পোশাক তার ব্যক্তিত্ব, রুচি এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়
আমি একজন ফ্যাশন মডেল। তার চেয়েও বড় পরিচয় আমি একজন স্বাধীনচেতা মানুষ, একজন স্বাধীন নারী। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি স্বাধীনতা খুঁজি, তা হোক আমার চিন্তাধারায়, জীবনের সিদ্ধান্তে, কিংবা পোশাকের নির্বাচনে। পেশাগত কারণে আমাকে নানা পরিবেশে কাজ করতে হয়। তাই পোশাকের স্বাধীনতাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। আমি বিশ্বাস করি, পোশাকের স্বাধীনতা শুধু রুচি বা শৈলীর বিষয় নয়, এটি একজন নাগরিকের মৌলিক অধিকারও বটে। মানুষের পোশাক তার ব্যক্তিত্ব, রুচি এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়। তবে এ স্বাধীনতা যেন সমাজ ও সংস্কৃতির ভারসাম্য বজায় রেখে প্রয়োগ করা হয়, সেটাও গুরুত্বপূর্ণ। আমার কাছে পোশাকের স্বাধীনতা মানে এমন কিছু পরিধান করা, যাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি, যা আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। সবসময় পরিবেশ ও পরিস্থিতির কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করা উচিত। যা সামাজিক দায়িত্ববোধ ও ব্যক্তিগত আরামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। স্বাধীনতা মানে দায়িত্ববোধের ভারসাম্য বজায় রাখা নিজের প্রতি, সমাজের প্রতি, সংস্কৃতির প্রতি।
পোশাক বা ফ্যাশনের বেলায় নিজের ইচ্ছাই প্রাধান্য পাবে এভাবেই ফ্যাশন এত দূর এগিয়েছে
শুধু নারীর কেন, সাজপোশাকের স্বাধীনতা মানুষ মাত্রই সবার থাকা উচিত এবং এটা ছিল, থাকবেও। মানুষের এই স্বাধীনতা যদি কেউ জোর করে খর্ব করতে চায় বা করে, নির্দিষ্ট অঞ্চলে সাময়িক সময়ের জন্য সেটা হতে পারে। সাজপোশাকের বেলায় মানুষ নিজের প্রয়োজন, ইচ্ছা রুচি বা আরামকেই প্রাধান্য দিয়েছে।
কাপড় পরার প্রয়োজনে কাপড় আমরা বুনতে শিখেছি। ভারতবর্ষের কোনো কোনো জায়গায় নারীদের বুক খোলা রাখতে হতো, বুক ঢাকতে হলে উল্টো কর দিতে হতো অথবা হতে হতো নির্যাতিত। সেখানে আমরা লড়াই করে বুক ঢেকে রাখার অধিকার আদায় করেছি। এক সময় ভারতবর্ষের পুরুষেরা ঘাগড়া পরত, সেখান থেকে স্যুট-টাইয়ে এসেছে। ধুতি থেকে পায়জামায়। মেয়েরা শাড়ি হয়ে কামিজ, কুর্তি, স্কার্টে।
আমি বলতে চাই এসবই মানুষ করেছে নিজ প্রয়োজনে, রুচিতে, ইচ্ছায়। এখানেই মানুষ স্বাধীন আর এই প্রয়োজন ও রুচি থেকেই ফ্যাশন এসেছে। আমরাও বলি ফ্যাশন বেছে নিন আপনার প্রয়োজন ও আরাম মাথায় রেখে। এটা আমাদের পরামর্শ, তবে আপনার রুচি ও ইচ্ছাতো আপনার। এখন একজন নিউজ ফটোগ্রাফার যদি শাড়ি পরে সারা দিন দৌড়ঝাঁপ করতে পারে বা ইচ্ছা করে, সে তাই পরুক। যদি না পারে, তাইলে সে জিনস টি-শার্টই পরবে। একজন পুরুষ যেমন ঘরের পোশাক পরে অফিসে যাবে না, তেমনি একজন নারীও বাসায়, রান্নাঘরে যে পোশাক পরে থাকে সে পোশাকেই অফিস যায় না। এর কারণ তার রুচি, ইচ্ছা। কিন্তু সে অন্তত তার জন্য আরামের পোশাকটা পরবে এটা অন্তত সে চায়। এটা তার প্রয়োজনও। আর এই প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা নারী-পুরুষ উভয়ের জন্য ডিজাইন করি। সাজপোশাকের পরামর্শ দেই। এভাবেই যুগে যুগে ফ্যাশনের পরিবর্তন হয়েছে। আর ফ্যাশন যেহেতু মানুষের প্রয়োজন রুচি আর আরামকেই প্রাধান্য দিয়ে করা হয়, সেখানে পোশাকের বেলায় সব মানুষই স্বাধীন। এখানে নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই। যদি সেটা করা হয়, সেটা অবদমন। নিপীড়ন।
অথচ প্রতিটি মানুষের নিজের মতো থাকার, চলার অধিকার আছে। এটাই আধুনিক সমাজব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতার, মানবাধিকারের মূল কথা। কাজেই শুধু নারীর ক্ষেত্রে এ কথা ভুলে গিয়ে, পুরুষতান্ত্রিক অবদমনের পথে আধুনিক সমাজ গড়া সম্ভব হবে না। ধর্মীয় বিশ্বাসের কারণে নারীদের একটা অংশ যেমন নিজের ইচ্ছায় বোরকা পরবে, তেমনি ধর্মের দোহাই দিয়ে সবাইকে জোর করে বোরকা পরানোও যাবে না। পোশাক বা ফ্যাশনের বেলায় নিজের ইচ্ছাই প্রাধান্য পাবে। আর এভাবেই ফ্যাশন এত দূর এগিয়েছে। সমাজ প্রবেশ করেছে আধুনিক যুগে।
নারীর পোশাক স্বাধীনতা শুধু ফ্যাশনের বিষয় নয় এটি তার পরিচয়, আত্মবিশ্বাস ও সমাজে অবস্থানের প্রতিচিত্র
নারীর পোশাক স্বাধীনতা শুধু ফ্যাশনের বিষয় নয়, এটি তার পরিচয়, আত্মবিশ্বাস ও সমাজে অবস্থানের প্রতিচিত্র। একজন ডিজাইনার হিসেবে আমি পোশাককে শুধু নান্দনিকতা বা ট্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ দেখি না; এটি নারীর ব্যক্তিত্বের প্রকাশ এবং তার দৈনন্দিন জীবনের স্বাধীনতার অংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখি, নারীর পোশাকের ওপর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা বিধিনিষেধ আরোপ করা হয়। কোনো ক্ষেত্রে এটি রক্ষণশীলতার নামে, আবার কোনো ক্ষেত্রে আধুনিকতার ছদ্মবেশে নারীর পোশাককে নিয়ন্ত্রণের চেষ্টা চলে। প্রশ্ন হলো, নারী কি নিজের পোশাক নিজে বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছে।
একজন শিক্ষক হিসেবে যখন আমি ফ্যাশনের ইতিহাস পড়াই, তখন এটি শুরু হয় মানুষের গুহাবাসী জীবনের সময় থেকে, যখন মানুষ সম্পূর্ণ বস্ত্রহীন ছিল। পরবর্তী সময় পশুর চামড়া ব্যবহার, বুনন শেখার পর উল, সুতির এবং লিনেন কাপড় ব্যবহারের প্রচলন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে ফ্যাশনের ইতিহাস ইন্দুস ভ্যালি দিয়ে ২৫০০ বিসি, যখন সুতি কাপড়ের ব্যবহার হয় এবং মেয়েরা এই হার্রাপান সময়ে শুধু নিচের অংশে খুব সীমিতভাবে লজ্জাস্থান ঢাকত, ওপরের অংশ থাকত উন্মুক্ত, ধীরে ধীরে শাড়ি এবং ব্লাউজের প্রচলন ঘটে। পরবর্তী সময় পাশ্চাত্যের পোশাকের প্যাটার্ন এবং স্টাইল এসে মিশে যায়, যা আমরা ক্রস-কালচারাল ইনফ্লুয়েন্স হিসেবে চিহ্নিত করি।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর পোশাক কেমন হবে তা সমাজ এবং বিশেষত পুরুষতান্ত্রিক কাঠামো নির্ধারণ করতে শুরু করে। দুর্ভাগ্যজনক যে, যেখানে পুরুষদের পোশাক নিয়ে কোনো সামাজিক নজরদারি বা বিতর্ক হয় না, সেখানে নারীদের পোশাক প্রতিনিয়ত বিচার-বিশ্লেষণের শিকার হয়। এটি সুস্পষ্ট ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ।
নারীদের পোশাককে কেন্দ্র করে যে পরিমাণ সামাজিক দোষারোপ চলে, তা সত্যিই হতাশাজনক। যখন কোনো নারী হেনস্তার শিকার হয়, তখন অপরাধীর মানসিকতার পরিবর্তে সমাজ নারীর পোশাকের দিকে আঙুল তোলে। এটি শুধু নারীর পোশাক স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং তার মৌলিক মানবাধিকারেরও লঙ্ঘন। একজন মানুষ হিসেবে আমি মনে করি, প্রত্যেক নারী যেন তার চাহিদা ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে পোশাক পরার স্বাধীনতা ভোগ করতে পারেন।
একজন বাঙালি হিসেবে, আমি আমার পোশাকে আমার দেশের ঐতিহ্য বহন করতে চাই। নারীদের পোশাকের স্বাধীনতায় শুধু পুরুষরাই বাধা দেয় না, অনেক নারীও অন্য নারীর পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এ ধরনের মনোভাব অত্যন্ত পীড়াদায়ক।
নারীর পোশাক কখনোই তার নৈতিকতা বা চারিত্রিক মানদ- নির্ধারণের উপকরণ হতে পারে না। পোশাক শুধু একটি বাহ্যিক পরিচ্ছদ, যা ব্যক্তি তার স্বাচ্ছন্দ্য, আবহাওয়া, সামাজিক পরিবেশ এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নির্বাচন করে। কোনো নারীর পোশাক দেখে তার চরিত্র নির্ধারণ করা যেমন অযৌক্তিক, তেমনই অন্য কারও ওপর তার পোশাকের ধরন চাপিয়ে দেওয়াও অন্যায়। আমি বিশ্বাস করি, পোশাক কখনোই কারও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। অতীতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। নারীর পোশাকের ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়। আমাদের এই মনোভাব পরিবর্তন করতে হবে এবং নারীদের আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতাকে প্রাধান্য দিতে হবে।
সবাইকে ধর্ম এবং পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার নির্ধারিত ছাঁচে ফেলে বাধ্য করা থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকের নিজস্ব জীবনযাপনের অধিকার রয়েছে, যা মানবাধিকারের অন্যতম মৌলিক অংশ। নারীর পোশাকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মানবাধিকারের পরিপন্থি। পোশাক নির্বাচন করা একটি মৌলিক স্বাধীনতা, যা প্রত্যেক নারী এবং পুরুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
একজন ডিজাইনার ও শিক্ষক নারীদের পোশাক কখনোই তাদের অবস্থান, যোগ্যতা, কিংবা সামাজিক মর্যাদার মাপকাঠি হতে পারে না। আমাদের উচিত নারীকে তার স্বাধীন সিদ্ধান্ত নিতে দেওয়া এবং তার পোশাকের ভিত্তিতে তাকে বিচার করা বন্ধ করা।
নারী রান্না করবে পুরুষ করতে পারে না বা পারবে না এ ধরনের ভাবনা আসলে একটি মনোসামাজিক সমস্যা
রান্না একটি শিল্প, যা মানুষের সৃজনশীলতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। রান্না মানুষের জীবনধারা ঐতিহ্য এবং স্বাদ, ধরন প্রতিফলিত করে। রান্না শুধু মেয়েদের কাজ হিসেবে সীমাবদ্ধ না। শুধু খাওয়ার বিষয় নয়, অভিজ্ঞতার একটি গল্প। সম্পর্ক গড়ার মাধ্যম।
আমাদের সমাজে রান্নার দায়িত্ব সাধারণত মেয়েদের ওপরেই থাকে, কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। বড় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে পুরুষরাই রান্নার দায়িত্ব পালন করেন। নারী রান্না করবে পুরুষ রান্না করতে পারে না বা পারবে না এ ধরনের ভাবনা আসলে একটি মনোসামাজিক সমস্যা ধরে নেওয়া যায়।
রান্নাঘরের কাজে নারী ও সদস্যদের আমরা দেখে আসছি, কিন্তু ধারণার এখন পরিবর্তন হয়েছে। নারীর পাশাপাশি আমরা পুরুষেরও রান্নার কাজে দেখি। এটি সত্যি দারুণ যে এখন অনেক ছেলে রান্না করতে পছন্দ করে। রান্নাকে পেশা হিসেবে বেছে নিয়েছে।
রান্না এখন শুধু মেয়েদের কাজ হিসেবে সীমাবদ্ধ নয়, এটি এক ধরনের সৃজনশীলতা এবং আনন্দের মাধ্যম হয়ে উঠেছে। জীবন ধারনের জরুরি দক্ষতা গুলোর একটি।
এ কাজে লজ্জার কিছু তো নেই বরং এটি জীবনের পাতায় আরও একটি বাড়তি দক্ষতা যুক্ত করে। ভবিষ্যতের কাজের ক্ষেত্রে নারী-পুরুষ ভেদাভেদ করবে না।
রান্না প্রতিযোগিতায় পুরুষেরও অংশগ্রহণ অনেক বেশি লক্ষ করা যায়।
নারী দিবসে এটাই বলবো রান্না সর্বজনীন হওয়ায় উদার মানসিকতা নিয়ে ছেলে মেয়ে বড় হবে।
ভবিষ্যতে কাজের ক্ষেত্রে নারী-পুরুষের ভেদাভেদ থাকবে না, এটা মানুষের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা একতা গড়ে তুলতে সহায়তা করবে।
যেহেতু নারী ও পুরুষ বিভিন্ন কর্মক্ষেত্রে সময় দিচ্ছে, সেই ক্ষেত্রে রান্নার মাধ্যমে ছোট আনন্দগুলোকে খুঁজে নেওয়া যায়, এটি সাংস্কৃতিক ইতিহাস এবং ভালো থাকার অনুভূতি পরিপূর্ণ করে তোলে।
পোশাকের স্বাধীনতা শুধু বাহ্যিক বিষয় নয়, অভ্যন্তরীণ অনুভূতি আত্মবিশ্বাস এবং মুক্ত চিন্তাভাবনাকে শক্তিশালী করে
পোশাক শুধু আমাদের শরীরের শোভা বা সৌন্দর্য বৃদ্ধি করেই থেমে থাকে না, এটি আমাদের নিজস্বতা, মনোভাব এবং সমাজে আমাদের অবস্থানও প্রতিফলিত করে। এটি আমাদের পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের সংস্কৃতি, পছন্দ এবং বিশ্বাসকে প্রকাশ করতে সাহায্য করে। একজন মুক্তচিন্তার মানুষ হিসেবে, আমি বিশ্বাস করি যে, পোশাকের মাধ্যমে প্রতিটি ব্যক্তি নিজেকে প্রকাশ করার অধিকার রাখে, আর সেই অধিকার সব মানুষের সমানভাবে প্রাপ্য। আমাদের সমাজে পোশাকের অনেক সীমাবদ্ধতা ও বাধা রয়েছে। সেসব বাধাকে অতিক্রম করেই আমাদের উচিত নিজেদের মতো করে বাঁচা এবং পোশাকের মাধ্যমে সেই স্বাধীনতাকে উপভোগ করা। আমি একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে, সবসময়ই নিজেকে প্রকাশ করতে এবং পৃথিবীকে দেখাতে চাই যে, আমি কে এবং আমি কী হতে চাই। আমাদের সমাজে অনেক সময় এ ধরনের পরিচয়কে অস্বীকার করা হয়, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের সবারই অধিকার আছে নিজেকে প্রকাশ করার।
একটি বিষয় মনে রাখা জরুরি, পোশাকের স্বাধীনতা মানে অযথা কোনো শৈলীর প্রতি নির্দিষ্ট আগ্রহ বা প্রবণতা না থাকা। আমি বিশ্বাস করি যে, পরিবেশ, অনুষ্ঠান বা কালচার অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। প্রতিটি পরিস্থিতি বা অনুষ্ঠানে পোশাকের মাধ্যমে আমাদের স্মার্টনেস এবং শ্রদ্ধা প্রতিফলিত হওয়া উচিত। যেমন একটি সামাজিক অনুষ্ঠান বা পেশাগত পরিবেশে যথাযথ পোশাক পরিধান করা আমাদের শ্রদ্ধাশীলতা এবং পেশাদারত্বের প্রতীক। আবার, ব্যক্তিগত মুহূর্তে স্বাচ্ছন্দ্যপূর্ণ পোশাক পরিধানও আমাদের অধিকার এবং নিজস্বতাকে মূল্যায়ন করে।
আমরা যদি পোশাকের স্বাধীনতা ও এর গুরুত্ব সঠিকভাবে বুঝি, তাহলে সমাজে আরও বেশি সমানাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পোশাকের মাধ্যমে, একজন মানুষ নিজের পরিচয় এবং আত্মবিশ্বাকে শক্তিশালী করতে পারে।
পোশাকের স্বাধীনতা শুধু একটি বাহ্যিক বিষয় নয়, এটি একটি অভ্যন্তরীণ অনুভূতি, যা আমাদের আত্মবিশ্বাস এবং মুক্ত চিন্তাভাবনাকে শক্তিশালী করে। যখন আমরা নিজেদের এবং অন্যদের পোশাকের স্বাধীনতাকে সম্মান করি, তখন আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন, সমান এবং মুক্ত সমাজ গড়তে পারব।
নারীর পোশাক স্বাধীনতা কেবল ফ্যাশনের বিষয় নয়, এটি তাদের আত্মপরিচয় স্বাচ্ছন্দ্য এবং জীবনধারার প্রতিফলন
পোশাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার, যা বিশ্ব জুড়ে নারীদের আত্মপ্রকাশ, স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতার প্রতীক। একজন গ্লোবাল ডিজাইনার এবং ডিজাইন ইন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা হিসেবে, আমি বিশ্বাস করি যে পোশাকের ডিজাইন কেবল নান্দনিকতার জন্য নয়; এটি স্বাচ্ছন্দ্য, জলবায়ু উপযোগিতা এবং সংস্কৃতির প্রতিফলনও বটে। নারীদের জন্য এমন পোশাক ডিজাইন করা প্রয়োজন, যা তাদের চলাফেরা, কাজের পরিবেশ ও দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে।
স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের সংযোগ নারীদের পোশাক স্বাধীনতার বিষয়টি বিশ্বব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। তবে সব জায়গাতেই একটি বিষয় অভিন্ন নারীরা এমন পোশাক পরতে চান, যা তাদের স্বাচ্ছন্দ্য দেয়, আত্মবিশ্বাসী করে এবং বহুমুখী ব্যবহারের সুযোগ সৃষ্টি করে।
ডিজাইন ইন বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বাংলাদেশের ডিজাইনারদের উৎসাহিত করছি এমন পোশাক তৈরিতে, যা আধুনিক ফ্যাশনের সঙ্গে আরাম ও বহুমুখিতা নিশ্চিত করে। টেকসই ও পরিবেশবান্ধব ফ্যাব্রিক ব্যবহার করে ডিজাইন করা পোশাক নারীদের জন্য স্বাধীনতা ও কার্যকারিতার নতুন সংজ্ঞা তৈরি করতে পারে।
জলবায়ু ও আরামের ভূমিকা
বাংলাদেশসহ বিশ্বের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এমন পোশাক ডিজাইন করা জরুরি, যা হাল্কা, শ্বাস-প্রশ্বাস নিতে পারে এবং পরিধানকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, সুতি, লিনেন, মসলিন বা বাঁশের ফাইবার-নির্মিত পোশাক দীর্ঘ সময় ধরে আরামদায়ক থাকতে পারে। শীতপ্রধান দেশগুলোর জন্য উষ্ণতা বজায় রাখতে সাহায্যকারী ফ্যাব্রিক ব্যবহারের প্রয়োজন হয়।
বহুমুখিতা ও টেকসই ফ্যাশন
আমি এমন ডিজাইন তৈরির পক্ষে, যা শুধু সুন্দরই নয়, বরং দীর্ঘস্থায়ী, পুনর্ব্যবহারযোগ্য এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল। আমরা এমন পোশাক ডিজাইন ও উদ্ভাবনে কাজ করছি, যা নারীদের স্বাধীনতাকে শক্তিশালী করবে এবং তাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে বহুমুখী সুবিধা দেবে।
নারীর পোশাক স্বাধীনতা কেবল ফ্যাশনের বিষয় নয়, এটি তাদের আত্মপরিচয়, স্বাচ্ছন্দ্য এবং জীবনধারার প্রতিফলন। পোশাকের মাধ্যমে নারীরা যখন স্বাধীনতা অনুভব করেন, তখন সেটিই সত্যিকারের ডিজাইনের সফলতা।
বাংলাদেশ ও বিশ্বের ডিজাইনারদের উচিত এমন পোশাক তৈরি করা, যা নারীদের দৈনন্দিন জীবনে সহজাত স্বাধীনতা ও আত্মবিশ্বাস এনে দেয়। ডিজাইন ইন বাংলাদেশ -এর মাধ্যমে আমি সেই ভবিষ্যতের দিকেই কাজ করছি, যেখানে ফ্যাশন হবে স্বাধীনতার প্রতীক, আরামদায়ক এবং টেকসই।
আগামীর নারী তার রুচি, ইচ্ছে এবং আপন গতিতে এগিয়ে চলবে
সাজ সজ্জা নারীর সহজাত প্রকাশ। একজন নারী তার আপন ইচ্ছে, বয়স, ফিটনেস অনুযায়ী পোশাক পরবেন এবং সাজবেন। ভৌগলিক অবকাঠামো অনুযায়ী দেশে দেশ নারীর সাজ পোশাক পরিবর্তিত হয়। একজন নারীকে সর্বপ্রথম আন্তনির্ভরশীল হতে হবে। নিজেকে ভালোবাসতে শিখতে হবে। আমরা বাঙ্গালী নারীরা সাজ পোশাকের ক্ষেত্রে প্রথমে নিজের রুচিকে প্রধান্য দিবো। তারপর আসবে তার পরিপার্শিক পরিবেশে বেড়ে তার উপর ভিত্তি করে সে পোশাক পরবে এবং সাজবে। নারীর উপর সমাজ কাঠামোর কোন কিছু আরোপিত করে দেওয়া ঠিক না। আপন গতিতে সে পোশাক পরবে এবং সাজবে। শুধু বলবো ওভার থ্রিকিং হওয়া কোন নারী বা পুরুষ কারো জন্যই ঠিক না। দিনশেষে আমরা মানুষ। পারিপাটি হয়ে সহজ জীবন যাপনের মধ্যেই নারীর প্রকৃত সৌন্দয্য ফুটে উঠবে। প্রতিটি নারীরই বয়সের বাঁকে বাঁকে সময়ের সাথে সাথে তার সাজ পোশাক পরিবর্তিত হয়, সেটাই স্বাভাবিক । এটাকে সবার মেনে নিতে হবে। যেমন বিউটিফিকেশন পেশায় একটা সময় নারীদের অংশগ্রহণ বেশি ছিলো। এখন কিন্তু নারীর সাথে তাল মিলিয়ে ছেলেরা এগিয়ে এসেছে। তাই আমি বলবো পোশাক,সাজ এবং পেশা কোন কিছুতেই সমাজ কেন্দ্রিক বিভাজন থাকা ঠিক না। আগামীর নারী তার রুচি, ইচ্ছে এবং আপন গতিতে এগিয়ে চলবে।
