শেষ হলো আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:২১ এএম

উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে তিনদিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫’ শেষ হয়েছে গতকাল। ইরান, পাকিস্তানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে তাদের ব্যবসার প্রসারে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এর আগে ৬ মার্চ রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মেলার উদ্বোধন করা হয় এবং তিনদিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন। তিনদিনের এ আয়োজনে প্রথম দিন ছিল মেলার উদ্বোধন, দ্বিতীয় এবং তৃতীয় দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলাকে বর্ণিল করে তোলে। দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, নকশা করা পোশাক, গয়না, হোম ডেকর, সৌন্দর্য সামগ্রীসহ নানা ধরনের সৃজনশীল পণ্য মেলায় প্রদর্শিত হয়। নারীরা দেশি পণ্যের সঙ্গে বিদেশি পণ্যেরও সমারোহ ঘটিয়েছেন।

ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আওয়াল মেলার সমাপনী পর্বে বলেন, আজ (গতকাল) আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসকে যথাযোগ্য মর্যাদা দিতেই আমরা আয়োজন করেছি তিনদিনব্যাপী  আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫-এ আমরা দেখেছি আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী কিছু নারীর উজ্জ্বল মুখ। আপনাদের এই আত্মবিশ্বাস আমরা ছড়িয়ে দিতে চাই সমগ্র জাতির ভেতর। আত্মবিশ্বাসী নারী মানেই বিজয়ী নারী। আমরা আপনার বিজয় দেখতে চাই দেশের সর্বত্র।

মেলার শেষ দিনে সেরা স্টল, সেরা বিক্রেতা স্টল ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত