রাজধানীর বনানীতে পিকআপ ভ্যানের চাপায় এক নারী পোশাককর্মী নিহত এবং তার সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পোশাককর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় সড়কের দুই পাশ অবরোধ করে রাখেন। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন। প্রায় সাত ঘণ্টা পর পোশাককর্মীরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়। অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি এই যানজটের প্রভাব রাজধানীর অন্যান্য সড়কেও ছড়িয়ে পড়ে। যানজটে আটকা পড়ে অনেকেই হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।
এদিকে বনানীতে দুই পোশাককর্মীকে চাপা দেওয়া পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)।
জানা গেছে, চেয়ারম্যানবাড়ী এলাকার চেয়ারম্যানবাড়ী ইউটার্নে কলাবোঝাই পিকআপ ভ্যানের চাপায় নিহত হন পোশাককর্মী মিনারা আক্তার। একই দুর্ঘটনায় আহত হন আরেক পোশাককর্মী সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার প্রতিবাদে সকাল ৭টা থেকে রাস্তা অবরোধ করে রাখেন পোশাককর্মীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে। আর এই অবরোধের প্রভাবে বনানী, মহাখালী ও গুলশানের সড়কগুলোয় তীব্র যানজট সৃষ্টি হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও গাড়ির দীর্ঘ সারি পড়ে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন বিভিন্ন যানবাহনের মধ্যেই। নগরের অন্যান্য জায়গাও যানজটে আটকা পড়েন বহু মানুষ। দুপুর ২টার দিকে সড়ক ছাড়েন পোশাককর্মীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বনানী থানার ওসি রাসেল সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সহকর্মীর নিহতের ঘটনায় পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বনানী-মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বনানী এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। দুপুর ২টায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার কথা বললে তারা সড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’
এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, ‘চেয়ারম্যানবাড়ীর কাছে পোশাকশ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করায় আমাদের প্রায় সাড়ে ৫ ঘণ্টা এই সড়ক বন্ধ ছিল।’
যানজটে ভোগান্তির শিকার বেসরকারি চাকরিজীবী গোলাম ওয়াদুদ বলেন, বাসে কারওয়ান বাজারের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল পৌনে ৮টার দিকে বনানীতে যানজটে আটকা পড়েন। বাস না চলায় নেমে পড়ে বাধ্য হয়ে এক ঘণ্টার বেশি সময় হেঁটে কর্মস্থলে পৌঁছান।
শুধু গোলাম ওয়াদুদই নন, গতকাল বনানীর এই সড়ক অবরোধের প্রভাবে রাজধানীর অন্যান্য সড়কে দেখা দেওয়া যানজটে ভোগান্তির শিকার হন এমন হাজারো মানুষ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) আরিফুল ইসলাম রনি দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে বনানীর চেয়ারম্যানবাড়ী ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতকে কেন্দ্র করে প্রায় সাত ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকরা। এ ক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করার ব্যবস্থা করা হয়।’
পোশাককর্মীদের চাপা দেওয়ার ঘটনায় পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন (নিবন্ধন) সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ। গতকাল বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২-এর উপপরিচালক মো. সানাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘মোটরযানটি ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন ও একজন আহত হন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও ওই মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো-২-এর উপপরিচালক মো. সানাউল হক দেশ রূপান্তরকে বলেন, ‘গাড়ির (পিকআপ ভ্যান) মালিককে একাধিকবার ফোন দেওয়া হচ্ছে। কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। আগামী তিন কার্যদিবসের মধ্যে পাওয়া না গেলে মোটরযানটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন, টাঙ্গাইলের কালিহাতীতে দুই মোটরসাইকেল আরোহী, চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক এবং রাজশাহীর পবায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের আবুল কাশেম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি।
টাঙ্গাইল ও কালিহাতী : কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ভাঙাছেউ গ্রামের বকুল সরকার (১৭) একই গ্রামের মো. রাসেল রানা (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ : দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় গতকাল দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
রাজশাহী : রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার কাটাখালী পৌরসভার মাসকাটাদীঘি কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম সাদিক হোসেন (১৭)। তিনি মাসকাটাদীঘি বহুমুখী (কারিগরি) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
