৭ বছরের শিশু ধর্ষণ, ৫ হাজারে মীমাংসার চেষ্টা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে মীমাংসার নামে ৫ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রাতেই যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই ব্যবসায়ী ইব্রাহিমের (৫৫) বাড়ির সামনে বিক্ষোভ করে।

রূপগঞ্জের এ ঘটনাটিসহ নতুন করে দেশের পাঁচ জেলায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ছয়টি অভিযোগ পাওয়া গেছে।

রূপগঞ্জে ধর্ষণের ঘটনাটি প্রথমে ধামাচাপার চেষ্টা হলেও পরে গতকাল শুক্রবার দুপুরে শিশুর বাবা বাদী হয়ে ব্যবসায়ী ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। ইব্রাহিম ঘটনার পর থেকে পলাতক, তবে তার স্ত্রী রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আবদুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়িতে ভাড়া থাকেন।

এলাকাবাসীর অভিযোগ, তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াসহ কয়েকজন মিলে ধর্ষণের শিকার শিশুর বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে ৫ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকে। ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় ব্যবসা করেন। শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয় বাসিন্দা জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে গেলে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পরে বিকেলে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। কিন্তু শিশুটির পরিবার যে বাড়িতে ভাড়া থাকে তার মালিক তানসেন, তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া এবং এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত পলিন নামে একজনসহ আরও কয়েকজন মিলে ‘ধর্ষণের ক্ষতিপূরণ’ হিসেবে ৫ হাজার টাকা শিশুটির পরিবারকে দেওয়ার আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে বাড়িটি ঘিরে রাখে। উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন। পরে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর বাবা বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কাজ থেকে এসে জানতে পারি আমার মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে বিষয়টি চেপে যেতে বলেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে। বলেছে, যদি কাউকে এ কথা বলে তাহলে তাকে হত্যা করবে।’

জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘রাতেই (বৃহস্পতিবার) শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট আসতে দুদিন সময় লাগবে। অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান চলছে।’

শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার আরও ৫ অভিযোগ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর পুরাতন বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার শিশুর বাবা বাদী হয়ে এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলাটি করেন। এর আগে গত রবিবার ধর্ষণের ঘটনাটি ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই কিশোরকে পুলিশ আটকের পর গতকাল আদালতের মাধ্যমে তাকে গাজীপুরে শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

অন্যদিকে জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবতলা গ্রামে ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শৈলকুপা থানায় মামলা করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৩ মার্চ ওই উপজেলার দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এরপর সে তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নোয়াখালী বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত