জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রমে এক দিনে ১৬৯ জনকে নানা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৪টি মামলা দায়ের করেছে মহানগর পুলিশ(ডিএমপি)। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিতে বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে দুই ডাকাত, পাঁচ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই চাঁদাবাজ, ১৭ চোর, নয় মাদক কারবারি, ২৩ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাপাতি, একটি চাকু, ছয়টি লোহার পাইপ, তিনটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা।’
এদিকে একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৪টি মামলা রুজু করা হয়।
