দেশব্যাপী হঠাৎ করেই বেড়ে গেছে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা। গতকাল বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১০টি ধর্ষণ ও বলাৎকার এবং পাঁচটি ধর্ষণচেষ্টার অভিযোগের খবর পাওয়া গেছে। এদিন অবশ্য আগে দুটি ধর্ষণ মামলার রায় দিয়েছে আদালত। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য বলছে, এক দিনে এতগুলো ধর্ষণ ও ধর্ষণচেষ্টার খবর সাম্প্রতিক সময়ে আসনি। এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে গত দুদিনে। দুয়েকটি ঘটনা পুরনো।
ঢাকায় ধর্ষণের অভিযোগে পাঁচ মামলা: রাজধানী খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় পৃথক ঘটনায় চার কিশোরীসহ পাঁচজনকে ধর্ষণের অভিযোগে আলাদা আলাদা থানায় মামলা হয়েছে। মামলার পর ভুক্তভোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, পুলিশ তাদের ওসিসিতে নিয়ে এসে ভর্তি করায়। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, বেশ কয়েক দিন আগে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়। এরকম অভিযোগে বুধবার পরিবারের তরফ থেকে একটা মামলা করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে ওই কিশোরীকে খিলগাঁও ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। আর মামলার আসামি অভিযুক্ত আলিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বুধবার ২২ বছর বয়সী এক তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় আসামিকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযুক্ত যুবক ওই তরুণীর পূর্বপরিচিত। বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, পৃথক ১২ ও ১৩ বছর বয়সী দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। ১২ বছর বয়সী কিশোরীকে বুধবার ইফতারের পরে জব্বার (৪০) নামে এক ব্যক্তি ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। আর ১৩ বছরের কিশোরীকে গত ১৮ মার্চ বাসার ছাদে পিন্টু চন্দ্র দাস (২৮) নামে এক যুবক ধর্ষণ করে বলে উল্লেখ করা হয় এজাহারে। এ ঘটনায় মামলার পর সিয়াম আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ : কুড়িগ্রামের ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ।
গতকাল সরেজমিন দেখা গেছে, ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া কিশোরীকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। সেখানে উপস্থিত যৌথ বাহিনীও। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়িচালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকু-া গ্রামে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে ১৮ দিন ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আবদুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় সে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে ওই কিশোরী ফজলুলের বাড়ি থেকে পালিয়ে এসে সরিষাবাড়ী বাজারের কাছে বাছেদের বাড়িতে আশ্রয় নিলে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী মেয়েটিকে থানায় নিয়ে আসে।
নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ : নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাকিব মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল দুপুরে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ক্যাম্পের কমান্ডার সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে এলাকায় চিহ্নত মাদক কারবারি।
বগুড়ায় বোনকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে : বগুড়ায় আপন ছোট বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ঘটনাটি জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে। গতকাল বেলা ৩টার দিকে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ধুনট থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার স্থানীয় মাধ্যমে জানা যায় আপন ভাই কর্তৃক ১৫ বছর বয়সী একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। সংবাদ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিত মেয়েকে উদ্ধার করে। রাতেই অভিযান চালিয়ে জেলার গাবতলী উপজেলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার : নোয়াখালীর সদর উপজেলায় অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. সুজন (৩১) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। গত বুধবার রাতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কু-ু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে দুপুরের দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম (১৪) সদর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গ্রেপ্তার আসামি পরস্পর প্রতিবেশী এবং ভিকটিমকে প্রাইভেট পড়াত। প্রাইভেট পড়ানোর সুবাদে ওই শিক্ষক অসৎ উদ্দেশ্যের লক্ষ্যে ভিকটিমকে বিভিন্নভাবে প্রলোভন দেখাত। ছাত্রীর মা বিষয়টি টের পেয়ে তার বাবাকে জানায়। ২০২০ সালের ১৭ অক্টেবর বিকেল সাড়ে ৫টার দিকে সুজন ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনী জেলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কু-ু বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার : মানিকগঞ্জে এক মদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গত বুধবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক রফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
সিরাজগঞ্জে দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দুজন গ্রেপ্তার : সিরাজগঞ্জের বেলকুচি ও তাড়াশ উপজেলায় পৃথক দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সকালে পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আবদুল সালাম (৬৫) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাদ্রাসায় পড়তে যাওয়ার সময় আট বছরের এক মাদ্রাসাছাত্রীকে তার নিজ বাড়ির গলিতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ বাড়ি থেকে সালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে গতকাল সকালে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাড়াশ থানা পুলিশ আসলাম আলীকে (১৪) গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
লক্ষ্মীপুরে দুই শিশুকে ধর্ষণ : লক্ষ্মীপুরের সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় আলাদাভাবে ছয় বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করেন। মামলায় অভিযুক্ত মনির হোসেন (৩০) ও রিপন হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহে ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ : ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আবদুর রহিম নামে এক ইমামের বিরুদ্ধে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই ইমামকে এলাকাবাসী আটক করেছে। অভিযুক্ত রহিমের বাড়ি কুমিল্লায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বুধবার দুপুরে শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি শহরের একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে মসজিদের একটি ঘরে ডেকে নেয় রহিম। পরে শিশুকে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত রহিম তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
