বরিশালে যুবদল ও ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৫৯ এএম

বরিশালের সদর উপজেলায় যুবদল নেতা মেহেদী সিকদার ও ছাত্রদল নেতা শামীম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বুখাইনগর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুখাইনগর বাজারের দোকানদার রনি বহিরাগত তামিমের কাছে ২৫ টাকা পাওনা ছিলেন। কয়েক দিন আগে সেই টাকা চাওয়ায় তামিম রনিকে মারধর করেন। এ নিয়ে বাজারে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় গড়ায়। পরে পুলিশ বাজার কমিটিকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেয়। গতকাল দুপুরে স্থানীয় বাজার কমিটির নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বসে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আলোচনার একপর্যায়ে চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুমের অনুসারী বাদল খান ছাত্রদল নেতা শামীম হোসেনকে থাপ্পর দেন। এ ঘটনা মুহূর্তের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। বাদল খান, তুহিন, তামিমসহ কয়েকজন শামীমকে ধরে পাশের একটি গলিতে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে মারধর শুরু করে। এ সময় যুবদল নেতা মেহেদী সিকদার শামীমকে উদ্ধার করতে গেলে বাদল ও জিহাদ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা হামলাকারীদের কয়েকজনকে ধরে গণধোলাই দেয়।

আহত মেহেদী সিকদার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং বুখাইনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক। অন্য আহত শামীম হোসেন চরমোনাই ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। দুজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম বলেন, ‘মারধরের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এ বিষয়ে কিছুই জানি না।’ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মেহেদী শিকদারের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত