চট্টগ্রামে ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান। সেখানে সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার জমিয়তুল ফালাহ মাঠের প্রস্তুতি কাজ পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এখানে মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান আর সামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। এসময় মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। পাশাপাশি ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত