বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাচিত কমিটি বিলুপ্ত করে আগের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলকে স্বপদে রেখে অ্যাডহক কমিটি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। যা দেখে বেঁকে বসে ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত সার্চ কমিটি, পদত্যাগের হুমকি দেন সদস্যরা। তাতেই ভিত কেঁপে গেছে ক্রীড়া পরিষদের। কয়েক ঘণ্টার ব্যবধানে চপলকে ডিমোশন দিয়ে নতুন প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ। সেটা আবার গোপনও রাখে সংবাদমাধ্যমে। শুক্রবার এ বিষয়ে জানতে চাওয়া হলে পরিষদ সচিব আমিনুল ইসলাম সংশোধিত প্রজ্ঞাপনের কপি পাঠিয়ে দেন এ প্রতিবেদককে। যেখানে সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও আন্তর্জাতিক জাজ তানভীর আহমেদকে। আর চপলকে রাখা হয় এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি চপল।
×
