জুলাই শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। স্বজন হারানো মলিন মুখে কিছুটা হলেও ঈদের আনন্দ দিতে তাদেরকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

আজ রবিবার মাদারীপুরের শিবচর ও কালকিনি উপজেলায় জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন উপহার সরবরাহের জন্য গঠিত ফরিদপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব ও ফাউন্ডেশনের ফরিদপুর শাখার সমন্বয়ক প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদের উপহার সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, দুধ, তেল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা জীবন দিয়েছেন তাদের অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন। শহীদ পরিবারের সদস্যদের মুখে একটুখানি খুশির ঝিলিক আমাদের জন্য অনেক প্রাপ্তি। বিএনপি সবসময় এসব মানুষের পাশে থাকবে।

যেসব শহীদ পরিবার ঈদ উপহার পেয়েছেন তাদেরই একজন কালকিনী উপজেলার এনায়েতনগর গ্রামের গৃহবধূ আন্না খানম। তার স্বামী লোকমান হোসেন একটি তৈরি পোশাক কারখানার গাড়িচালক ছিলেন।

আন্না খানম বলছিলেন, যা হারিয়েছি তা তো আর পাব না। এতিম দুই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে ভালো থাকার চেষ্টা করি। একমাত্র রোজগেরে ব্যক্তি হারিয়ে কষ্টে দিনপাত করা সংসারে ঈদের আগে যে উপহার পেলাম তা অনেক বড়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত