অ্যানফিল্ড যেন ডেভিড ময়েসের জন্য এক দুঃস্বপ্নের নাম। সেখানে ২১ ম্যাচ পরিচালনা করেও জয়হীন তিনি। ১৪ হার, ৩৬ গোল হজম—পরিসংখ্যানই বলে দেয়, লিভারপুলের দুর্গ জয় করা তার জন্য কতটা কঠিন কাজ।
বুধবার আবারও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ময়েস। এভারটনের কোচ হিসেবে তার দল যখন অ্যানফিল্ডে পা রাখবে, তখন তারা লিভারপুলের চেয়ে ৩৬ পয়েন্টে পিছিয়ে থাকবে। এটাই ময়েসের সময়কালের সবচেয়ে বড় পয়েন্ট ব্যবধানের মেরসিসাইড ডার্বি।
'লিভারপুলের সঙ্গে আমাদের ব্যবধান হয়তো কখনোই এত বড় ছিল না,' বলছিলেন ৬১ বছর বয়সী ময়েস। 'একসময় আমরা প্রতিযোগিতামূলক ছিলাম, কাছাকাছি ছিলাম। কিন্তু এখন? পার্থক্যটা বিশাল।'
পরিসংখ্যান বলছে, ময়েসের কথার যথেষ্ট ভিত্তি আছে। এর আগে তার অধীনে সবচেয়ে বড় ব্যবধান ছিল ২০০৬ সালের মার্চে, যখন লিভারপুল ১৮ পয়েন্টে এগিয়ে ছিল। এবার সেই ব্যবধান দ্বিগুণ!
প্রিমিয়ার লিগে কোনো কোচের অ্যানফিল্ডে সবচেয়ে বেশি জয়হীন থাকার রেকর্ডটিও ময়েসের দখলে। সেখানে ১৯ ম্যাচে জয়হীন তিনি, ড্র করেছেন ৬টি, হেরেছেন ১৩টি।
এভারটনের হয়ে তার প্রথম মেয়াদে ১২ ম্যাচে জয় পাননি, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে ২০১৩-১৪ মৌসুমেও হারেন, এরপর সান্ডারল্যান্ডের হয়ে হারের ধারা বজায় রাখেন। ওয়েস্ট হ্যামের দায়িত্ব নিয়ে সাতবার সেখানে গিয়েও প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে তাকে।
সবচেয়ে বড় পরাজয়টা এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে, লিভারপুলের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তার দল।
তবে এবার ময়েসের দল একটু অন্যরকম। জানুয়ারিতে শন ডাইক বরখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে এভারটনের দায়িত্ব নিয়ে দলটিকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছেন তিনি। লিগে তার দল শেষ ১০ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে, যা এই সময়ে প্রিমিয়ার লিগের পঞ্চম সর্বোচ্চ পয়েন্ট।
অ্যানফিল্ডের খরা কাটানোর ইচ্ছা প্রকাশ করে ময়েস বলেন, 'এটা এমন একটা রেকর্ড, যা আমি রাখতে চাই না। আমি এটা বদলাতে চাই। প্রতিবারই সেখানে গিয়ে নতুন করে চেষ্টা করি।'
তবে সেটা কতটা সম্ভব হবে? লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহর দুর্দান্ত ফর্মের কথা মাথায় রাখলে চ্যালেঞ্জটা সহজ কিছু নয়। ময়েস মজার ছলেই বললেন, 'আমরা চাইলে একটা দেয়ালও তৈরি করতে পারি তাকে আটকানোর জন্য! তবে প্রথম ম্যাচে আমরা ভালোভাবেই তাকে সামলেছিলাম। এবারও সেই চেষ্টাই করব।'
অ্যানফিল্ডের দুঃস্বপ্ন শেষ পর্যন্ত কাটাতে পারবেন ময়েস? নাকি আবারও লিভারপুলের জয়োৎসবের অংশ হতে হবে তাকে? উত্তর মিলবে বুধবার রাতেই।
স্বপ্ন সত্যি হচ্ছে পেলেগ্রিনির, যোগ দিচ্ছেন নেইমারের সান্তোসে
কর ফাঁকির অভিযোগে বিচার শুরু আনচেলত্তির
সিটির দুশ্চিন্তা, হালান্ডকে মাঠের বাইরে থাকতে হবে সাত সপ্তাহ