মিরপুরে ফ্ল্যাটে মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১০ এএম

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাড়ির ফ্ল্যাট থেকে মাশরুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পাওয়ার পর পল্লবী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ বাড়ির ষষ্ঠতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাশরুরের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে, তবে সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মাশরুর মিরপুর-১১ নম্বর সেকশনের এ-ব্লকের ২ নম্বর লেনের ৯ নম্বর সড়কের বাড়িটির ষষ্ঠতলায় একা ভাড়া থাকতেন। তার সন্তানরা অন্যত্র বাস করেন এবং স্ত্রী আগেই মারা গেছেন। গতকাল সন্ধ্যায় মাশরুরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তার ছেলেদের খবর দেন। এরপর মাশরুরের ছেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে মাশরুরের অর্ধগলিত লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মাশরুরের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত