আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়।
আজ শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকেরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে, এবং সেগুলো বিস্ফোরিত হয়ে বিকট শব্দে ধোঁয়া তৈরি করছে।
এই বিষয়ে কথা বলার জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কোনো আহতের খবর পাওয়া যায়নি।’
ফলের কার্টনে পাওয়া মরদেহের টুকরো অংশগুলো সাভারের সবুজ মোল্লার
লাঙ্গলবন্দে পুণ্যস্নানের আয়োজনে যুক্ত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়