স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তায় সুষ্ঠুভাবে স্নান সম্পাদনের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় তীর্থস্থান জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সব ভাইবোনেরা একসঙ্গে আছে। সবাই একসঙ্গে কাজ করছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের অপপ্রচার রোধ করতে হলে দেশের গণমাধ্যমগুলোতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তাহলে ওইসব বিদেশি গণমাধ্যমের মিথ্যা সংবাদের ওপর চুনকালি পড়বে।
তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, লাঙ্গলবন্দের পুণ্যস্নান উৎসব এলাকাকে ধর্মীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। সেটি বাস্তবায়নে খুব শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি ব্রহ্মপুত্র নদ যাতে কোনোভাবেই দূষণ বা নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়াসহ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
