গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতের রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, আমিসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রসিকিউটর বলেন, হত্যা-গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনও ষড়যন্ত্র, স্ক্যান্ডাল ট্রাইব্যুনালের বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনও দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না।
তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা। ফলে তারা এই বিষয়ে ভাবতে পারে। অপরাধের যে বিস্তৃতি, তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারাদেশে ছড়িয়ে দেওয়া কতটা বাস্তবসম্মত, সেটা সরকার অবশ্যই চিন্তা করবে বলেও তিনি জানান।
গাজায় স্বাস্থ্যকর্মী হত্যা, অবশেষ ইসরায়েলের ভুল স্বীকার