ঝালকাঠির নলছিটিতে বসতঘরের পেছনের বাগানে রেইনট্রি গাছ থেকে এক রশিতে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মা রুবি বেগম ও ছেলে আসাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝিবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রুবি বেগম একই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও আসাদ তাদের ছেলে। তারা খুলনায় বসবাস করতেন। ঈদের ছুটি কাটাতে তারা গ্রামের বাড়িতে এসেছিলেন।
হানিফ মাঝি বলেন, ‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। এই ঘটনায় কয়েকদিন আগে সিরাজের ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে। হানিফ মাঝি বলেন, এ কারণেই আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।’
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনে আত্মহত্যা করেছে।
