অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখা এবং ব্যাংক হিসাবে ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ টাকার বেশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ এবং তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আবদুল মোমেন বলেন, মামলায় হাছান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখা এবং তার ৫৬টি ব্যাংক হিসাবে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেজনক লেনদেনের অভিযোগে একটি মমামলা দায়ের করা হয়েছে। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনে সহায়তার অভিযোগে মামলায় হাছান মাহমুদকেও আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ও (৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
