যমুনায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিলল যুবকের লাশ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া যুবক মিরাজুল ইসলাম (২২)-এর মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে স্থানীয় জেলেরা মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত মিরাজুল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আনোয়ার হোসেনের ছেলে।

মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, গত রবিবার বিকেলে চরসলিমাবাদ (ভূতের মোড়) সংলগ্ন যমুনা নদীতে বোনদের সঙ্গে গোসলে নামেন মিরাজুল। এক পর্যায়ে সবার অগোচরে নদীর স্রোতে ভেসে যান তিনি।  

খবর পেয়ে স্থানীয়রা জাল ও নৌকা নিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যায়।

আজ সকালে নিশ্চিন্তপুর নৌকা ঘাট এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন নৌকা নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজানুর রহমান বলেন, ‘নদীতে মরদেহ ভেসে উঠলে জেলেদের নজরে আসে। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত