ট্রান্সশিপমেন্ট বাতিল

নেপাল-ভুটানে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে না : ভারত

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও, নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়বে না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (সিবিআইসি) গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ট্রান্সশিপমেন্ট-সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়।

গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বলেন, ‘তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ২০২০ সালে বর্ধিত করা হয়। এর ফলে গত পাঁচ বছরে ভারতের বিমানবন্দরগুলোতে “উল্লেখযোগ্য জট” দেখা দেয়।’

এতে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে এবং সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন।

জয়সওয়াল বলেন, ‘এ কারণেই ভারতের মধ্য দিয়ে বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে উল্লেখ করেন তিনি।

ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (এইপিসি) দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত