১২৮ বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ১৯০০ সালের পরে ২০২৮ অলিম্পিকে আবারও দেখা যাবে ব্যাট-বলের লড়াই। এ উপলক্ষে গতকাল বুধবার বেশ কিছু বিষয় পরিস্কার করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। লস অ্যাঞ্জেলেসে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্টে ৬টি করে দল অংশ নিতে পারবে। প্রশ্ন হলো, কীসের ভিত্তিতে এই ছয়টি দল নির্বাচন করা হবে?
আইসিসির অধীনে এই মুহূর্তে ১২টি দেশ পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে। এছাড়া আরও ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকে। আইসিসি এখন সব সহযোগী দেশের টি-টোয়েন্টি ম্যাচকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি দেয়। ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে অলিম্পিকের জন্য বাছাইপর্ব আয়োজন করা কঠিন। তাই শোনা যাচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি ব়্যাঙ্কিংকেই যোগ্যতা অর্জনের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হতে পারে।
যদি এমনটা হয়, তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের জন্য বেশ বিপদ অপেক্ষা করে আছে। কারণ, নারী-পুরুষ কোনো বিভাগেই আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে এই দুটি দেশ শীর্ষ ছয়ে নেই! একই অবস্থা হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে অলিম্পিক বাছাই হলে এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভারতই অংশ নিতে পারবে লস অ্যাঞ্জেলস আসরে।
এই মুহূর্তে ছেলেদের টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত। মেয়েদের ব়্যাঙ্কিংয়ে আছে তিন নম্বরে। অংশগ্রহণকারী দেশগুলো ১৫ জনের স্কোয়াড নিয়ে অলিম্পিকে যেতে পারবে। ছেলেদের ইভেন্টে ৯০ জন ও মেয়েদের ইভেন্টে ৯০ জন অ্যাথল্যাটের জন্য গেমস ভিলেজে সবরকম ব্যবস্থা থাকবে। তবে ব়্যাঙ্কিংয়ের মাধ্যমেই যে দল বাছাই হবে তার কোনো নিশ্চয়তা নেই। এমনটা হলে অবশ্যই ব়্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।
স্বাধীনতা চান ক্ষুব্ধ রিজওয়ান; না পেলেই পদত্যাগ
সৌম্যর ব্যাটে ঝড়, ফিফটি হাঁকালেন নাসির হোসেন
একপেশে ম্যাচে এক হালি গোল করে সেমির পথে বার্সা