নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় দুই নারী ও এক শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘গ্রেপ্তার আসামি মো. ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ ইয়াসিন (২৪) সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. দুলালের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক।
এর আগে গত শুক্রবার দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বাসার সামনের রাস্তার পাশে ময়লার স্তূপ খুঁড়ে ইয়াসিনের স্ত্রী পোশাককর্মী লামিয়া আক্তার (২২), তার ৪ বছরের ছেলে আব্দুল্লাহ ওরফে রাফসান লাবিব এবং স্ত্রীর বড়বোন স্বপ্না আক্তারের (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধারের কিছুক্ষণ পরই লামিয়ার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
