হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য কারাবন্দী আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমড় ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। রবিবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
