প্রধান উপদেষ্টার হাতে থাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন। এর আগে থেকেই তিনি বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে তিন মন্ত্রণালয় সামলাবেন তিনি।
গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব বণ্টন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্তের পর এখন প্রধান উপদেষ্টার হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর একাধিকবার উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা যুক্ত করা হয়। এর মধ্যে শেখ বশিরউদ্দীন গত বছরের ১০ নভেম্বর বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। এর সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেলেন। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ এ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ২৩ জন।
