জিগাতলায় চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। চাঞ্চল্যকর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই মঙ্গলবার দিবাগত রাতের অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম জানান, চাঁদাবাজির ঘটনায় আটককৃত আশরাফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চড়শাহী ইউনিয়নে। তিনি রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ের তুলা গাছতলা এলাকায় বসবাস করতেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক প্রাইভেটকারের মালিকের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। প্রাইভেটকারে থাকা একজন ব্যক্তি যুবকটিকে মাস্তানি করার অভিযোগ করলে উত্তরে তিনি বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ পাশে থাকা মালিকের স্ত্রী তার নাম জানতে চাইলে তিনি পাল্টা জবাবে বলেন, ‘নাম দিয়ে কি হবে?’

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকার মালিক অভিযোগ করছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ তখনই ওই যুবক ক্যামেরার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত