আজ উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ এএম

টানা তিন ম্যাচ জিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। বাংলাদেশের বাকি দুটি ম্যাচ। এই দুই ম্যাচের যে কোনো একটি জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপের মূল পর্বে খেলা। আজ বাংলাদেশের খেলা উইন্ডিজের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আগামী শনিবার।

মঙ্গলবার ২৭৬ রান তুলে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারানোর পর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনোর লক্ষ্যের কথা জনিয়েছেন। ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাচের অপেক্ষায় আছি, সবসময় দল হিসেবেই খেলি। আমরা দল হিসেবে যেটা ভালো করেছি, সেদিকে মনোযোগ দিতে হবে। এটা (উইন্ডিজের বিপক্ষে) অবশ্যই একটা বড় ম্যাচ হতে চলেছে, আর গত কয়েকটা ম্যাচে যেভাবে খেলেছি, আমরা চাই সেই ধারাবাহিকতা বজায় থাকুক।’

বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে। আগের আসরগুলোতে বাংলাদেশের বোলাররা ভালো করলেও ব্যাটাররা ভালো করতে পারছিল না। এবার চিত্রটা ভিন্ন। জ্যোতি নিজেই ব্যাট হাতে তিন ম্যাচে করেছেন ২৩৫ রান। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘গত কয়েক বছর  আমাদের দৃশ্যমান সমস্যা ছিল ব্যাটিং। বোলাররা ভালো করছিল, কিন্তু ব্যাটিং ইউনিট সেভাবে চলছিল না। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা দারুণ খেলছে। ওয়ানডেতে এর আগে উইন্ডিজের বিপক্ষে চার দেখায় একবারই জিতেছে বাংলাদেশ। বাকি তিনটিতে হেরেছে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেই জয়টা এই বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত