দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ এএম

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম পারভেজ (২৩)। তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে। গতকাল শনিবার রাজধানীর বনানী স্টার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, প্রাথমিকভাবে দুটি বিশ্ববিদ্যালয় (স্কলার্স ও প্রাইমএশিয়া) শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। আমরা তদন্ত করছি।

এ বিষয়ে বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, ‘নিহত শিক্ষার্থী পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে শিঙাড়া খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। তখন ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জেরে এ ঘটনা ঘটে।’

ওসি আরও জানান, ‘বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। একপর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পারভেজের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

পারভেজ ছাত্রদলকর্মী : হত্যাকাণ্ডের শিকার পারভেজকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা বনানী থানায় অভিযোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত