বিএনপি জনগণের পক্ষের দল, ষড়যন্ত্র চলবে না : রিজভী

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছে। বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র চলে না। যারা ষড়যন্ত্র করে তারা আজ কোথায়? অন্তবর্তী সরকার অবাধ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করবে দেশের মানুষ এটি চায়। গতকাল শনিবার দুপুরে জিয়া পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা গুম, খুনে বাংলাদেশে এক সংস্কৃতি চালু করছিলেন। তার সিংহাসনকে ধরে রাখতে পুরো দেশকে রক্তের বন্যা বয়ে দিয়েছিলেন। ভারত তাকে টিকিয়ে রাখতে প্রশ্রয় দিয়েছিল এবং তারা চেয়েছিল বাংলাদেশ তাদের হাতের মুঠোয় রাখতে। যার জন্য আজ পালিয়ে যাওয়া হাসিনাকে সব ধরনের সহযোগিতা করছে।

নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বিএমএ নাটোর জেলার সভাপতি ডা. আমিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত