নড়িয়ায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা জারি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৬ এএম

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ জারি করেন।

নড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মার চরে স্তূপ করে রাখা ১০ কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। যার মূল্য নির্ধারণ করা হয় ৪ কোটি ৯০ লাখ টাকা। গত ৬ এপ্রিল থেকে ড্রেজার দিয়ে বালু কাটা শুরু করে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল।

কিন্তু জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সালপক্ষ এই বালু কাটার বিপক্ষে।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়।

অন্যদিকে, বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় কর্নেল (অব.) এস এম ফয়সাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।

ইউএনও বলেন, ‘নড়িয়া পৌরসভা এড়িয়ায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করেছি। গতকাল সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ

থাকবে।’ ইউএনও আরও বলেন, ‘নদীর তলদেশ থেকে বালু-মাটি কাটা যাবে না। চরে স্তূপ করে রাখা বালু সরকারিভাবে নিলামে দেওয়া হয়েছে। কিন্তু নদীর তলদেশ থেকে বালু কাটার জন্য না। কেউ যদি নদীর তলদেশ থেকে বালু কাটে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু গতকাল নড়িয়া পৌরসভার পানি ভবনে সংবাদ সম্মেলনে বলেন, ‘নড়িয়া বাঁধের বিপরীতে পদ্মা নদী থেকে একটি কুচক্রী মহল অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কেটে বিক্রি করছে। যেখানে উপজেলা প্রশাসনও জড়িত। এই বালু কাটার ফলে ঝুঁকিতে রয়েছে নড়িয়া বাঁধ। তাই নদী থেকে অবৈধভাবে বালু কাটা বন্ধ করতে হবে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, ‘সরকারিভাবে একটি টেন্ডার হয়েছে। সেই টেন্ডারে আমি নির্বাচিত হই। পরে সরকারি নিয়ম অনুযায়ী বালু কাটার কাজ শুরু করি, যা সম্পূর্ণ বৈধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত