নারায়ণগঞ্জে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৯ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, যানজট নিরসন ও হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ এতে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরবরাহ করা ওয়াসার পানি পান করা তো দূরের কথা ব্যবহারেরও অযোগ্য। দীর্ঘদিন ধরেই মশার উৎপাত থাকলেও ওষধু ঠিকমতো ছিটানো হয় না। শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। মোড়ে মোড়ে অবৈধ স্ট্যান্ডসহ ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণকাজ চলছে ঢিমেতালে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সুচিকিৎসা মিলছে না। আগামী সাত দিনের মধ্যে নাগরিক সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত