আসিফ নজরুলের বাসায় পড়ে থাকা ‘ড্রোন’ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

ঢাকার রমনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, বাসভবনে থেকে পাওয়া ড্রোনটিতে ক্ষতিকারক কোনো ডিভাইস পাওয়া যায়নি। চীনে তৈরি ড্রোনটিকে কোনো ধরনের হামলা করার জন্যও ব্যবহার করা হয়নি।

গতকাল রবিবার ডিএমপির ড্রোনসংক্রন্ত একটি নোটে উল্লেখ করেন, গত শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর রমনায় অবস্থিত আইন উপদেষ্টার বাসভবনের মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে ঘাসের ওপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। সকালে প্রথমে বাগানের মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পেয়ে আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনকে জানান। এরপর খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে আইন উপদেষ্টার পার্সোনাল অফিসারের কাছ থেকে ড্রোনটি সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায় তারা।

আরও জানা যায়, ড্রোনটির ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে অবতরণ করে।

এ বিষয়ে গতকাল দুপুরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাহজাহান হোসেন বলেন, খবর পেয়ে ড্রোনটি আমরা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য নিয়ে আসি। আমরা তদন্ত করে এবং পরীক্ষা-নিরীক্ষায় ড্রোনটিতে ক্ষতিকারক কোনো কিছু পাইনি। এ ছাড়া ড্রোনে কোনো ধরনের মেমোরি বা ক্ষতিকারক কোনো ডিভাইস পাওয়া যায়নি। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো ধরনের হামলার উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হয়নি। ড্রোনটি চায়নার তৈরি। তবে কারা এখানে এটি অবতরণ করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত