নারায়ণগঞ্জের খানপুরে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) নিজস্ব ভবনে গতকাল সোমবার নতুন জোনাল অফিসের উদ্বোধন করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রাজউকের জোন-৮-এর আগের অফিসটি পরিচালিত হতো একটি অস্থায়ী ভবনে, যা নতুন এ কার্যালয় দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ‘আজকের লক্ষ্য শুধু ভবন উদ্বোধন না, একই সঙ্গে নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা পরিদর্শনও। সাধারণ মানুষের একটি বড় অংশের কাছে রাজউক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একেকটি ভীতির নাম। কিন্তু ৫ আগস্ট আমাদের একটি নতুন সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের কাছে যেতে চাই। ভবিষ্যতে আমরা সহযোগী সব সংস্থাকে নিয়ে একটি সভা করব। তাহলে সব সংস্থার অংশগ্রহণের মাধ্যমে আমরা মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারব।’
জোনাল অফিস উদ্বোধন শেষে রাজউক চেয়ারম্যান ও কর্মকর্তারা অফিসসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান অবিলম্বে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। এ ছাড়া নকশার ব্যত্যয়কৃত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি
