কোরবানিতে ঢাকা দক্ষিণে বসবে ১১ পশুর হাট

আপডেট : ০১ মে ২০২৫, ০৭:৪০ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসছে কোরবানির পশুর অস্থায়ী ১১ হাট। এর মধ্যে ৯টি হাটের সরকারি মূল্য গত বছরের তুলনায় বেড়েছে। দুটি হাটের মূল্য গতবারের চেয়ে কম ধরা হয়েছে।

ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ বলছে, আসন্ন ঈদুল আজহায় রাজধানীবাসীর কোরবানির পশুর চাহিদা মেটাতে ১১ স্থানে অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাট ইজারা দিতে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার প্রথম দফায় দরপত্র বিক্রি করার সময় শেষ হবে। আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে দরদাতাদের উপস্থিতিতে খাম খোলা হবে।

সম্পত্তি বিভাগের কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। তবে কোনো হাটে কাক্সিক্ষত দর পাওয়া না গেলে সেটি পুনরায় ইজারা দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় দফায় ১৩ এবং তৃতীয় দফায় ২২ মে দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ওই দুইদিন বিকেলে দরদাতাদের উপস্থিতিতে হাটের ইজারা চূড়ান্ত করা হবে।

তারা জানান, দরপত্র গৃহীত হওয়ার ৩ দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অর্থ, ১৫% মূল্য সংযোজন কর, ১০০% আয়কর, নির্ধারিত হারে পরিচ্ছন্ন ফি সিটি করপোরেশনে পরিশোধ করে কার্যাদেশ গ্রহণ করতে হবে। কার্যাদেশপ্রাপ্তরা ঈদুল আজহার দিনসহ মোট ৫দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসাতে পারবেন।

উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা অস্থায়ী হাটের সরকারি ইজারা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা, পরিচ্ছন্নতা ফি ৮ লাখ ৭৩ হাজার ৫১৭ টাকা। গত বছর এই হাটে মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৮৬৭ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ৬ লাখ ৫১ হাজার ১৯৪ টাকা।

পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে খালি জায়গার ইজারা মূল্য ২ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১৩ লাখ ৪৯ হাজার ৯১০ টাকা। গত বছর সরকারি মূল্য ছিল ২ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৫৬ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১১ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা।

দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও ছনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিমের খালি জায়গার ইজারা মূল্য ৪ কোটি ৭২ লাখ ৫ হাজার ৬১১ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ২৩ লাখ ৬০ হাজার ২৮১ টাকা। গত বছর এ হাটের সরকারি মূল্য ছিল ৪ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকা, এবং পরিচ্ছন্নতা ফি ২০ লাখ ৮৮ হাজার ২২৮ টাকা।

সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল অস্থায়ী হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ২৮০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ২৩ লাখ ২০ হাজার ৭৬৪ টাকা। গত বছর এ হাটের সরকারি দাম ধরা হয়েছিল ৩ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৩০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১৯ লাখ ৫৮ হাজার ৬১৫ টাকা।

রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা অস্থায়ী হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৭৪ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ধরা হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫৪ টাকা। গত বছর এ হাটের সরকারি দাম ছিল ৫০ লাখ ২৯ হাজার ৭০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ২ লাখ ৫১ হাজার ৪৮৫ টাকা।

ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পার্শ্বের খালি জায়গা অস্থায়ী হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ২৪ লাখ ৭২ হাজার ৮৭০ টাকা। গত বছর এ হাটের সরকারি হাটের মূল্য ধরা হয়েছিল ৩ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৬১১ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১৬ লাখ ৫৫ হাজার ৫৮১ টাকা।

মেরাদিয়া বাজারের পূর্ব পার্শ্বে খালপাড়ের খালি জায়গা অস্থায়ী পশুর হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭২২ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১৫ লাখ ২২ হাজার ৮৮৬ টাকা। গত বছর এ হাটের সরকারি মূল্য ছিল ২ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৪৩৪ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১১ লাখ ৮০ হাজার ২২২ টাকা।

কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বের খালি জায়গা অস্থায়ী হাটের মূল্য ছিল ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। গত বছর এ হাটের মূল্য ধরা হয়েছিল ৩ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ১৮ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা।

আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পার্শ্বের খালি জায়গার অস্থায়ী হাটের ইজারা মূল্য ৫৩ লাখ টাকা ধরা হয়েছে এবং পরিচ্ছন্নতা ফি ২ কোটি ৬৫ লাখ টাকা। গত বছর এ হাটের নাম ছিল আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা অস্থায়ী কোরবানি পশুর হাট। হাটটির সরকারি মূল্য ছিল ৪৫ লাখ ৫০ হাজার এবং পরিচ্ছন্নতা ফি ছিল ২ লাখ ২৫ হাজার ৪৮৫ টাকা।

শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গা অস্থায়ী হাটের সরকারি মূল্য ৬৬ লাখ ৯৬ হাজার ২০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ৩ লাখ ৩৪ হাজার ৮০১ টাকা। গত বছর এ হাটের দাম ছিল ৬৭ লাখ ৩১ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ছিল ৩ লাখ ৩৬ হাজার ৫৫০ টাকা।

আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক, ই,এফ,জি, এইচ সেকশন-১ ও ২ এর খালি জায়গা অস্থায়ী পশুর হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩ হাজার ৬০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ধরা হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ১৮০ টাকা। গত বছর এ হাটের সরকারি মূল্য ছিল ২ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১২ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা।

তাছাড়া ডিএসসিসির স্থায়ী হাট সারুলিয়ায় এবং ডিএনসিসির স্থায়ী হাট গাবতলীতে কোরবানির পশু বেচাকেনা হবে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনো তাদের অস্থায়ী হাট চূড়ান্ত করেনি। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন দেশ রূপান্তরকে বলেন, কোরবানির পশুর অস্থায়ী হাটের জন্য দরপত্র আহ্বানের সব প্রক্রিয়া প্রায় শেষ। এই সপ্তাহে দরপত্র আহ্বান করা হতে পরে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, নগরবাসীর কোরবানির পশুর চাহিদা পূরণ করতে ১১টি অস্থায়ী হাট বসানোর জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করেছি। সরকারি সব প্রক্রিয়া মেনে নির্ধারিত স্থানে হাট বসানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত