লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। মুরাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা এবং হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুরাদ হোসেন গা-ঢাকা দেন। গতকাল বিকেলে মুরাদকে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে ঘুরতে দেখে ছাত্র-জনতা একত্র হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, মুরাদ হোসেন গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলায় অংশ নেন। ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আফনান ও সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
