হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের নতুন কৌশল উদ্ঘাটন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার স্বর্ণ লুকানো হয়েছিল স্বর্ণালঙ্কার তৈরির একটি মেশিনের ভেতরে।
গতকাল রবিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ফেরা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুরের শাহরাস্তির বাসিন্দা সুমন মিয়া নামের ওই যাত্রী রাত ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়া থেকে শাহজালালে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষ করে কাস্টমস এলাকায় আসার পর তার লাগেজ স্ক্যান করলে সন্দেহ তৈরি হয়।
পরে অনেকবার জিজ্ঞাসাবাদ করেও তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার মালামালের মধ্যে থাকা স্বর্ণালঙ্কার তৈরির একটি মেশিন নিয়ে সন্দেহ দানা বাঁধে। পরে সেটি খুলে দেখা হয় এবং এর ভেতর থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বরুণ দাস। তিনি বলেন, চোরাকারবারীরা দিন দিন নতুন নতুন কৌশল গ্রহণ করছে, তবে কাস্টমসের প্রিভেনটিভ টিম সব সময় সতর্ক রয়েছে বলেই একের পর এক এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।
নারীদের ক্রিকেটে নিষিদ্ধ ট্রান্সজেন্ডাররা