পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল সোমবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এসব কথা বলেন।
সাক্ষাতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও নিরাপত্তা উন্নয়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জানান, পার্বত্য অঞ্চলে এখন কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে সরকার মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্যাটেলাইট পদ্ধতিতে দূরশিক্ষণ ও হোস্টেল নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, ‘পার্বত্য অঞ্চলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বিদেশিদের নিরাপত্তার বিষয়েও আমরা অত্যন্ত সচেতন। সম্প্রতি কয়েকজন রাষ্ট্রদূত পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করেছেন, পর্যটকরাও উৎসবের সময় ভিড় করেছেন, কোনো সমস্যার সৃষ্টি হয়নি।’
উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা ও উন্নয়ন দুই বিষয়কেই সমান গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।’
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, নিরাপত্তা জোরদারকরণ এবং শিক্ষা খাতের উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। সুপ্রদীপ চাকমা আশা প্রকাশ করে বলেন, ‘ব্রিটিশ সরকার অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।’ এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব কংকন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, এপিএস শুভাশিষ চাকমাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
