বার্সা-ইন্তার ম্যাচের কথা ভেবে 'ঘামছেন' এনরিকে

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:৪৩ পিএম

এবার চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনালে ইন্তার মিলান ও বার্সেলোনার লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন পিএসজির কোচ লুইস এনরিকেও। নিজের সাবেক ক্লাব বার্সেলোনার প্রতি ভালোবাসাও লুকাননি এই স্প্যানিয়ার্ড। শেষ চারের ফিরতি লেগে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ টায় ইন্তারের মাঠে খেলবে বার্সেলোনা। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়।

আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে। প্রথম লেগে পিএসজি ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে। আজ সংবাদ সম্মেলনে এনরিকেকে প্রশ্ন করা হয় ফাইনালে ওঠার ক্ষেত্রে ইন্তার ও বার্সেলোনার মধ্যে কাকে বেছে নেবেন তিনি।

এনরিকে বলেন, 'এই সেমি-ফাইনালের কথা ভেবেই আমি ঘামছি (কপাল মুছতে মুছতে), কালকের (বুধবার) নয়, আজকের (মঙ্গলবার)। এই দুই সেমি-ফাইনালে আমার কেবল একটিই লক্ষ্য: পিএসজিকে ফাইনালে তোলা। যদি আমরা উঠতে না পারি, তাহলে সেখানে পৌঁছানো উভয় দলের জন্যই শুভকামনা জানাব।'

এরপর বার্সার প্রতি ভালোবাসার কথা জানিয়ে এনরিকে আরও বলেন, 'আমার একটা অতীত আছে, যার জন্য আমি গর্বিত এবং বার্সেলোনার প্রতি আমার ভালোবাসা কখনই মুছে যাবে না।'

এনরিকের কোচিংয়ে ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সা ৩-১ গোলে জুভেন্তাসকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই মৌসুম ট্রেবল জিতেছিল কাতালান ক্লাবটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত