চট্টগ্রামের বাকলিয়ার এক্সেস রোডে সংঘটিত জোড়া খুনের মামলার প্রধান আসামি মো. মেহেদী হাসান ওরফে হাসানের (৩৭) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ মে) চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
খবরটি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, জোড়া খুনের মামলায় হাসানকে দশদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুর্ধর্ষ ‘সন্ত্রাসী’ হাসান (৩৭) নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে। তিনি চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। গত ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিতে দুজন নিহত হয়।
জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২ মে রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে মো.হাসানকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশের বিমান