আলী রীয়াজ বললেন

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৩ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে।

গতকাল বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ তৈরির অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। কিন্তু শুধুমাত্র কমিশনের আলোচনাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও তাদের সহযোগী এবং প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়ে জাতীয় সনদ তৈরির লক্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আলোচনায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যরা হলেন মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি, সাকিব আনোয়ার।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত