আইভীকে গ্রেপ্তারে মধ্যরাতে পুলিশের অভিযান, এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৩:৩৩ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে মধ্যরাতে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার পর আইভীর বাড়িতে প্রবেশ করে পুলিশ।

এদিকে খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে অবরুদ্ধ হয়ে পড়ে অভিযানে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবর আশপাশের মসজিদগুলো থেকে ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে বাড়ির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এলাকাবাসী জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের মধ্যে জনপ্রিয়। তাই স্থানীয়রা এই পুলিশি অভিযান প্রতিহত করতে সড়কে নেমেছেন।

সর্বশেষ খবর পর্যন্ত রাত ২টায় এখনো পুলিশ বাড়িতে অবস্থান করছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলায় আসামি সেলিনা হায়াৎ আইভী। এসব মামলায় তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু পুলিশি অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত