অন্তঃসত্ত্বা বেঁচে গেলেও বাস কেড়ে নিল পরিবারের ৫ জন

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৫৪ এএম

প্রসব ব্যথায় ছটফট করছিলেন রোজিনা বেগম (৩০)। জীবন সংকটাপন্ন অন্তঃসত্ত্বা ওই নারীর চিকিৎসায় ঢাকায় ছুটতে গিয়ে যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন, ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট নামক স্থানে মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিন, যশোরে দুই মোটরসাইকেল আরোহী এবং লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এতে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

মুন্সীগঞ্জ : প্রসব ব্যথায় ছটফট করছিলেন রোজিনা বেগম। তার চিকিৎসায় ঢাকায় ছুটতে গিয়ে যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। নিজে বেঁচে গেলেও সড়কে ঘাতক বাস কেড়ে নিয়েছে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের প্রাণ। অন্যজন হচ্ছেন অ্যাম্বুলেন্সের চালক।

গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের নিহতরা হচ্ছেন অন্তঃসত্ত্বা নারীর শ্বশুর আ. সামাদ ফকির (৭০), শাশুড়ি স্ত্রী শাহেদা বেগম (৬১), স্বামী হাফেজ বিল্লাল হোসেন ফকির (৪০) ও ননদ আফসানা আক্তার (২৭)। তাদের বাড়ি মাদারীপুর সদরের দক্ষিণ দুধখালী গ্রামে। নিহত অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদারের (৪০) বাড়ি একই উপজেলার মিঠাপুর গ্রামে।

নিহত পরিবারের নিকটাত্মীয় স্বর্ণা আক্তার জানান, রোজিনার সন্তান জন্মের সম্ভাব্য তারিখ হচ্ছে ২৩ মে। কিন্তু বুধবার রাতেই তার প্রসব ব্যথা দেখা দেয়। এতে বৃহস্পতিবার সকালে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। পরে রোজিনার চিকিৎসায় ঢাকার গ্রিনরোডের একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশে অ্যাম্বুলেন্সে করে রওনা দেন তার স্বামীর পরিবারের ১০ সদস্য। দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। এতে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে পাংচার হওয়ার চাকা মেরামত করছিলেন চালক। অন্তঃসত্ত্বা রোজিনা অ্যাম্বুলেন্সের ভেতর শুয়ে ছিলেন। তার সঙ্গে ভেতরে পরিবারের কয়েকজন থাকলেও অ্যাম্বুলেন্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন বাকি সদস্যরা। এ সময় ঢাকামুখী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারীর শাশুড়ি শাহেদা বেগম। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ আহত কয়েকজনকে উদ্ধার করে ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তঃসত্ত্বা নারীর স্বামী, শ্বশুর, ননদ ও অ্যাম্বুলেন্স চালক।

ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তারা হচ্ছেন বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও হেলপার সাইফুল ইসলাম শান্ত (২৬)।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ : জেলার মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট নামক স্থানে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

যশোর : কেশবপুরে মামার মরদেহ দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

লক্ষ্মীপুর : রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রামগতির হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত