লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় যুবলীগ ও আ.লীগ নেতা আটক

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:২২ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইদিনে হাতীবান্ধা উপজেলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৯ মে) ভোরে কালীগঞ্জ উপজেলার কাশীরাম এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা বাবলু মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম মালিক বলেন, শরিফুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা সভাপতি। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে বৈষম্য আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শরিফুলকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হবে। 

স্থানীয় সূত্র জানায়, শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, হাতীবান্ধা থানা পুলিশ পৃথক অভিযানে নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে আটক করেছে। 

তাদের গ্রেপ্তারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহামুদুন-নবী বলেন, তাদের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা রয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত