ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ড

আপডেট : ১০ মে ২০২৫, ১২:৪১ এএম

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান উদ্দিন শেখ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী শুক্রবার ভোরে ফজরের নামাজে গেলে সেন্টারে আগুন লাগে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী শাহিন জানান, ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ফটোকপির মেশিন, প্রিন্টার, রাউটারসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও ঘরের  ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে আগুনে পুড়ে যাওয়া ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সনাজ মিয়া জানান, তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত